স্বাধীনতা তুমি
আসাদুজ্জামান খান মুকুল
স্বাধীনতা তুমি ঊষসী কালের
আলোক রাঙ্গা রবি
স্বাধীনতা তুমি হৃদয়ে জাগালে
স্বপ্ন রঙিন ছবি।
স্বাধীনতা তুমি দামাল দলের
মাতৃভূমির টান
স্বাধীনতা তুমি বাঙালির মুখে
শিকল ভাঙার গান।
স্বাধীনতা তুমি সন্তান হারা মায়ের চোখের জল
স্বাধীনতা তুমি শোকের আবেশে দিয়েছ শক্তি বল।
স্বাধীনতা তুমি বাংলার বুকে
আনন্দে চলা পথ
স্বাধীনতা তুমি মায়ের ভাষায়
প্রকাশিত শত মত।
স্বাধীনতা তুমি বিজয় নিশান
শিশুর মুখের হাসি
স্বাধীনতা তুমি রাখাল ছেলের
সুরেলা বাঁশের বাঁশি।
স্বাধীনতা তুমি শ্যামলীমা ভরা
বাংলাদেশের নাম
স্বাধীনতা তব গর্বে আমরা
পাই জীবনের দাম।










