তোমার নতুন ছোঁয়ায়
– এম এ জিন্নাহ
নবান্নের দেশে তোমাকে ভালোবেসে আমি
একদিন ভুলে যাবো সমস্ত বেদনার অত্যাচার ,
সন্ধ্যাময় নিশীথের দ্বার খুলে সহসা —
চোখে চোখ রেখে কাটাবো অনন্ত প্রহর।
শীতার্ত শিশিরের সকালে পৃথিবীর এই রেখায়
তোমার সাথে হেঁটে যাবো সবুজের ঘাস ডিঙিয়ে ,
বেদনার্ত সমুদ্র তীরে বসে রবো গোধূলী বিকেল —
সেথায় সোনালী সূর্যের আলো মেখে দিব তোমার চুলে।
কাঁঠাল বনের ছায়ায় ভরা পুরনো সড়কে
তোমার সাথে হাঁটবো শতাব্দীর যাবতীয় গল্প নিয়ে ,
জমে থাকা প্রাচীন দুঃখের দাগ কাটাতে —
রূপালী জ্যোৎস্নায় উজ্জীবিত হবো নতুন ছোঁয়ায়।











